
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় সড়কের ওপর পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম পিএফএম জানান,রাত সাড়ে ৩টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে,ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় সড়কের ওপর এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে।খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পরে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা,সড়ক পারাপারের সময় কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে,তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে মহাসড়ক পারাপারে নির্ধারিত স্থান ও ফুটওভারব্রিজ ব্যবহারের পাশাপাশি সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।