
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ ৯ জন আহত হয়েছেন। সংঘর্ষে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালক গাড়ির ভেতরে আটকা পড়েন।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মাদারীপুরের বলসা এলাকার রুম্পা খাতুন (৩৫),মিম আক্তার,খাদিজা আক্তার (১৮), রাসেল মাতব্বর (৩০), সিরাজ মাতব্বর (৭০), রনি মাতব্বর (২৮), মেহেদী (৩৫), মাইক্রোবাসচালক খিলগাঁও এলাকার মো. ইব্রাহিম (৩৬) এবং ময়মনসিংহ এলাকার আল-আমিন (৩০)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান,দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে আধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে মাইক্রোবাসের ভেতরে আটকে পড়া চালকসহ আহতদের উদ্ধার করা হয়। তাঁদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান,দ্রুতগতির কারণে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।এতে গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
জানা গেছে,ইতালি প্রবাসী রাসেল মাতব্বরকে বিমানবন্দর থেকে গ্রহণ করে স্বজনেরা মাদারীপুরের নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে শ্রীনগর ফেরিঘাট এলাকায় পৌঁছালে তাঁদের বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়।