
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দিতে কৃষি জমিতে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর রাতেই আহতদের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের মহেশপুর গ্রামের সরকার বাড়ি সংলগ্ন একটি আলু ক্ষেতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দ আশপাশের মাকহাটি ও রাজারচর এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার সময় অনেকে মোবাইল ফোনে বিস্ফোরণের মুহূর্ত ধারণ করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের দাবি,আহতরা হলেন স্থানীয় নজরুল খানের ছেলে শাকিল খান (৩৫) ও জসিমউদ্দীন মোল্লার ছেলে বাবু (৪৫)। ঘটনার পর থেকে তাদের এলাকায় দেখা যাচ্ছে না। প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেও তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে আহত শাকিল খানের ভাই সাকিব খান ও রাকিব খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও একজনের নম্বর বন্ধ পাওয়া যায় এবং অপরজন ফোন রিসিভ করেননি।খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তছলিম উদ্দিন বলেন,বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছে।তবে সেখানে কোনো আলামত পাওয়া যায়নি।যাদের আহত হওয়ার কথা বলা হচ্ছে,তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং আহত দুইজনের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।