
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের কেওয়ার লোহারপুল বাজারের পাশেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বিদেশগামী শ্রমিকদের দক্ষ করে তুলতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে আসছে।কিন্তু সাম্প্রতিক সময়ে ভর্তি থেকে শুরু করে সার্টিফিকেট সংগ্রহ পর্যন্ত দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় শিক্ষার্থীরা বিপুল ভোগান্তির মুখে পড়ছেন।
ইলেকট্রিক্যাল,রেডিও-টিভি সার্ভিসিং,ব্লক-বাটিক,সেলাই ও কম্পিউটারসহ নানা বিষয়ে ছয় মাস মেয়াদি কোর্সের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে দক্ষ কর্মী সরবরাহের সুযোগ সৃষ্টি করছে প্রতিষ্ঠানটি।
স্থানীয় ও আন্তর্জাতিক চাকরির জন্য সার্টিফিকেট অর্জন বাধ্যতামূলক হলেও দালালদের কারণে ভোগান্তি বাড়ছে। প্রশিক্ষণ কেন্দ্রের সামনে একঝাঁক দালাল চোখে পড়ে,যারা বিভিন্ন সেবা অর্থের বিনিময়ে প্রদান করছে।মূল ফটকের পাশের দোকানগুলোতেও দালালদের মাধ্যমে প্রয়োজনীয় সেবা সহজে পাওয়া যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক দালাল জানান,আমরা এই জায়গা নিয়ন্ত্রণ করি।অফিস যা করতে পারছে না,আমরা করি। মানুষ খুশি থাকে,সেবাও পায়।টাকা কিছু বেশি নিই,তাতে কী হয়েছে?
এবিষয়ে মুন্সীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভারপ্রাপ্ত প্রধান অধ্যক্ষ নাহিদা বেগম বলেন,‘বহুবার দালালদের সতর্ক করেছি এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে কাজ করছি। কিন্তু দালালচক্র দমন করা সম্ভব হচ্ছে না।প্রবাসী শ্রমিকদের জন্য প্রশিক্ষণ বাধ্যতামূলক হলে দালালের সংখ্যা আরও বাড়তে পারে।জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার মহোদয় যদি ব্যবস্থা নেন,আমরা খুশি হব।