
স্টাফ রিপোর্টার
আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় আটিগাও এলাকায় চিশতিয়া বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানে দেখা যায়, চিশতিয়া বেকারিতে কেক, পাউরুটি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যদ্রব্য নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করা হচ্ছে। এছাড়াও, এই খাদ্যদ্রব্যগুলোর মোড়কে উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে উল্লেখ করা হয়নি। এই অনিয়মের জন্য প্রতিষ্ঠানটির ম্যানেজার লোকমান হোসেনকে সাত হাজার টাকা জরিমানা করা হয় এবং তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আসিফ আল আজাদ। তার সঙ্গে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর ই আলম সোহাগ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নাজমুল হোসেন এবং লৌহজং থানা পুলিশের একটি টিম। এই অভিযান স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।