
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ছয় বছরের শিশুসহ তিন নারী আহত হয়েছেন।মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টা ১২ মিনিটের দিকে উপজেলার দুগাছী এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, ঢাকার বাইপাইল থেকে বাগেরহাটের মোড়েলগঞ্জগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৭২৪) দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং শিশুসহ তিন নারী আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহতরা হলেন বাগেরহাটের শরণখোলা এলাকার রাজু মাতব্বরের স্ত্রী শাহনাজ (৪০), ঢাকার উত্তরার বাউনিয়া এলাকার নাদিম হোসেনের স্ত্রী নাইমা ইসলাম কলি (৩০) এবং তাঁর ছয় বছর বয়সী মেয়ে আয়না আক্তার।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো,ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।পাশাপাশি সড়কের ট্রাফিক সাইন ও নির্দেশনা অনুসরণ এবং চালক-যাত্রীদের সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।