
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের কাছে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. রাসেল (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে পদ্মা সেতুর ঘটনাস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার পূর্বে লৌহজং থানাধীন বড় নওপাড়া এলাকায় পদ্মা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। বড় নওপাড়া পুরাতন লৌহজং থানা জামে মসজিদের প্রায় ১০০ মিটার পূর্বে নদীতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পায় পুলিশ।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের আনুমানিক ১০০ মিটার পশ্চিমে পানিতে ডুবে নিখোঁজ হন রাসেল। পরে তাঁর সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হয়।
বুধবার সকালে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মালেক খসরু খানের নেতৃত্বে নৌ পুলিশের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
নিহত রাসেল বরগুনা জেলার আমতলী থানার গুলশাখালী গ্রামের মৃত আবদুর রহমান মৃধা ও মৃত দুলু বেগমের ছেলে।