
মেহেদী হাসান অন্তর,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটা দুটিকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার শিমুলতলী ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানকালে এলাকায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত ইটভাটা দুটিকে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি পরিবেশের ক্ষতি ও আইন লঙ্ঘন রোধে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অবৈধ ইটভাটার কার্যক্রম নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে পরিবেশ দূষণ রোধে শুধু অভিযান ও জরিমানার মধ্যে সীমাবদ্ধ না থেকে অবৈধ ইটভাটার কার্যক্রম নিয়মিত তদারকি এবং আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন সচেতন মহল।