
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাংবাদিক পরিচয়ে পণ্যবাহী গাড়ি থামিয়ে চালককে মারধর ও জিম্মি করে কভারভ্যানসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় লুণ্ঠিত কভারভ্যান,ডাকাতির কাজে ব্যবহৃত দুটি নোয়া গাড়ি,সাংবাদিক পরিচয়ের স্টিকারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে চট্টগ্রাম থেকে ৩০০ বস্তা প্লাস্টিক দানা নিয়ে একটি পণ্যবাহী কভারভ্যান ঢাকার উদ্দেশে রওনা হয়।যার বাজারমূল্য প্রায় ২০ লাখ ৪০ হাজার টাকা। কভারভ্যানটির আনুমানিক মূল্য ২৯ লাখ টাকা।
পরদিন ১৯ নভেম্বর ভোর আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে গাড়িটি গজারিয়া থানাধীন বালুয়াকান্দি এলাকার ভুইয়া পাম্পের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছালে একটি সাদা রঙের নোয়া গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি থামার সংকেত দেয়।চালক গাড়ি থামালে তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে মাদক রয়েছে বলে অভিযোগ তোলে।একপর্যায়ে চালককে মারধর করে তাঁর মোবাইল ফোন,গাড়ির চাবি ও কাগজপত্র ছিনিয়ে নেয়।পরে চালককে জিম্মি করে কভারভ্যানসহ ৩০০ বস্তা প্লাস্টিক দানা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গজারিয়া থানায় ১৭০/৩৯৪ ধারায় মামলা দায়ের করা হয়। মামলা নং-২৪, তারিখ ২৭ নভেম্বর ২০২৬ এবং জিআর নং-৩১৭।
পরবর্তীতে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো:বদরুদ্দোজার নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ইমরান হোসেন পিপিএমের তত্ত্বাবধানে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কসার আহমেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।
অভিযানে আসামিদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি নোয়া গাড়ি,বাদীর লুণ্ঠিত নীল ও হলুদ রঙের কভারভ্যান,একটি লেজার লাইট,সাংবাদিক পরিচয়ের প্রেস স্টিকার,জরুরি স্টিকার,একটি ছোট টর্চলাইট ও দুটি লাঠি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন সময়ে পুলিশ, ডিবি পুলিশ ও র্যাবের পরিচয় ব্যবহার করে ডাকাতি ও দস্যুতার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।এ ঘটনায় আরও তিনজনের সম্পৃক্ততা এবং তাদের কাছে লুণ্ঠিত মালামাল রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।তাদের গ্রেপ্তার ও বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় মামলায় দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারাসহ সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।