
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলী গ্রামে আঁখি আক্তার (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী জাহিদুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, আঁখিকে নির্যাতন চালিয়ে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি ঘটে সোমবার (১৬ নভেম্বর) রাতে।
থানা সূত্র জানায়, গত সোমবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাতে জাহিদুল ইসলাম পার্শ্ববর্তী কাশিগঞ্জ এলাকায় ওয়াজ শুনতে যেতে চাইলে আঁখি তাঁকে নিষেধ করেন। এ সময় প্রস্রাব করার কথা বলে জাহিদুল ঘর থেকে বেরিয়ে ওয়াজে চলে যান। ভোর ৬টার দিকে ফিরে এসে দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং আঁখিকে ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। পরে ঝুলন্ত অবস্থা থেকে জাহিদ নিজেই তাঁর স্ত্রীকে নিচে নামান এবং বাড়ির লোকজনকে ডেকে আনেন। তবে নিহত আঁখির গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকে আটক করে।
জানা যায়, প্রায় এক বছর আগে তাঁদের বিয়ে হয়। নিহত আঁখির বাবার বাড়ি উপজেলার রান্দিয়া গ্রামে।
নিহতের বাবা চান মিয়া অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে জাহিদুল হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। আমার মেয়ের গলায় রডের আঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার সকালে আমাদের মৃত্যুর খবর জানানো হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জাহিদুল একজন মাদকাসক্ত। এর আগেও সে আমার মেয়েকে নানাভাবে নির্যাতন করত।” তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেননি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।