
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে দুই পক্ষের সংঘর্ষে ককটেলের স্প্লিন্টারে গুরুতর আহত হয়েছে মাত্র ৪ বছর বয়সী শিশু আব্দুর রহিম।সংঘর্ষের ভয়াবহতায় শিশুটির পেটের ভেতরের নাড়িভুঁড়ি বের হয়ে গেছে।আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।আহত আব্দুর রহিম মোল্লাকান্দি ইউনিয়নের আশুরান গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার ২৬ নভেম্বর আওলাদ হোসেন ও রহিম মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।কয়েক শ ককটেল বিস্ফোরণের ভয়াবহতার মধ্যে পড়ে ককটেলের স্প্লিন্টারে গুরুতর আহত হয় শিশু আব্দুর রহিম।
শিশুটির এমন ভয়াবহ আঘাতের ঘটনায় পরিবারে নেমে এসেছে শোক ও আতঙ্ক।মাত্র চার বছর বয়সে যে শিশুটির খেলাধুলা আর হাসি-আনন্দে মেতে থাকার কথা,সেই শিশুটিই এখন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে।
এদিকে সংঘর্ষে নিহত সেলিম মোল্লার মরদেহ নিজেদের পক্ষে নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে হাসপাতালে দৌড়ঝাঁপের খবর পাওয়া গেছে। নিহতের স্বজনদের নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে।তবে গুরুতর আহত শিশু আব্দুর রহিমের চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়ানোর দায়িত্ব কে নেবে,সেই প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।
যারা জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখছেন,যারা ক্ষমতা ও আধিপত্যের লড়াইয়ে সংঘর্ষে জড়াচ্ছেন, তাদের কাছে প্রশ্ন-এই নিষ্পাপ শিশুর কী অপরাধ ছিল? কোনো পক্ষের রাজনীতি কিংবা ক্ষমতার লড়াইয়ের সঙ্গে তার তো কোনো সম্পর্ক নেই।
একটি সংঘর্ষ কেড়ে নিতে বসেছে চার বছরের শিশুর স্বাভাবিক জীবন।এখন সবচেয়ে বড় প্রশ্ন,আব্দুর রহিমের চিকিৎসার দায়িত্ব কে নেবে? তার পরিবারকে সহযোগিতা করবে কে? এই সংঘর্ষের দায়ভারই বা কারা নেবে?
মোল্লাকান্দির এই সংঘর্ষে আহত শিশু আব্দুর রহিমের সুস্থতা কামনা করছেন স্থানীয়রা।একই সঙ্গে সংঘর্ষ বন্ধ,ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।