
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে জাকির হোসেন (৩৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে নিজ বসতঘরের টিনশেড ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে। নিহত জাকির হোসেন চর পানিয়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে স্থানীয় ইউপি সদস্য ফারুক মেম্বারকে অবহিত করেন। পরে তিনি সিরাজদিখান থানায় খবর দিলে এসআই সিদ্দিকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
সিরাজদিখান থানা পুলিশ জানায়,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,জাকির হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।তবে তার আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।