
স্টাফ রিপোর্টারঃ
বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ থেকে ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ উৎসবের সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,শিক্ষক, অভিভাবক এবং বইপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ভ্রাম্যমাণ বইমেলা ইউনিটের সংগঠক মো: রুহোল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. সাজেদা সরকার, সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:মোতালেব হোসেন (মনির), সিরাজদিখান কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো:সাইফুল ইসলাম এবং শ্রীনগর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: শেখ সাদী।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা বৃদ্ধি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন।শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।