
মেহেদী হাসান অন্তর,নওগাঁ জেলা প্রতিনিধি:
গণতন্ত্র, সুশাসন, জেন্ডার সমতা,জলবায়ু পরিবর্তন, বাল্যবিবাহ ও মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে নাট্যভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে নওগাঁ গণথিয়েটার।
প্রতিষ্ঠানটির উদ্যোগে জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাসব্যাপী নওগাঁ সদর, বদলগাছি ও রানীনগর উপজেলায় পথনাটক ও সচেতনতামূলক সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বিভিন্ন সামাজিক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে খান ফাউন্ডেশন ও আপোস, নওগাঁ।
নওগাঁ গণথিয়েটারের সভাপতি উত্তম সরকার বলেন, “নাটক মানুষের কাছে সহজে পৌঁছানোর একটি কার্যকর মাধ্যম। তাই আমরা নাটকের মাধ্যমে গণতন্ত্র, সুশাসন, বাল্যবিবাহ, মাদকসহ বিভিন্ন সামাজিক বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করছি। সারা বছরই সামাজিক ও সাংস্কৃতিক নানা কার্যক্রম পরিচালনা করে আসছি।”

খান ফাউন্ডেশনের প্রতিনিধি মো. নুরুজ্জামান বুলবুল বলেন, “নওগাঁ গণথিয়েটারের গণসচেতনতামূলক কার্যক্রমে সহযোগী হতে পেরে আমরা গর্বিত।”
আপোস, নওগাঁর নির্বাহী পরিচালক এস এম শহিদুল আলম বলেন, “নওগাঁ গণথিয়েটার দীর্ঘদিন ধরে সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে। আপোস ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানের পাশে থাকবে।”
নওগাঁ গণথিয়েটারের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সিদ্দিকী সিটু বলেন, প্রতিষ্ঠানটি একটি সামাজিক, সাংস্কৃতিক ও সচেতনতামূলক সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রমে সহযোগিতা করায় খান ফাউন্ডেশন ও আপোস, নওগাঁকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সবার সহযোগিতা কামনা করেন।