
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর দ্বিতীয় দিনের অভিযানে মরদেহটি উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান,সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটে খবর আসে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের ৮ জন স্টাফ নদীতে গোসল করতে নামেন।তাদের মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ হন।
নিখোঁজরা হলেন- শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের স্টাফ মো: মারুফ হোসেন (৪০), এবং মো. রাসেল (৩৫)।খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।প্রথম দিন অভিযান চালিয়েও তাদের সন্ধান মেলেনি।
পরে মঙ্গলবার ( ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো ফের উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল।প্রায় ২৪ ঘণ্টা পর বেলা ৩টার দিকে মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন মো: রাসেল।তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।তাকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।