
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে আনুমানিক ১ লাখ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল ও ২৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে প্রশাসন।এ সময় দুটি ইঞ্জিনচালিত কাঠের জেলে নৌকাও জব্দ করা হয়।অভিযানে আটক তিন জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ অক্টোবর) ভোর ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা কারেন্ট জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উদ্ধার করা ইলিশ মাছ ১২টি মাদ্রাসা ও এতিমখানা এবং ১০২ জন দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
অভিযানে আটক তিন জেলের মধ্যে দুজনকে ১৫ দিন করে এবং অপরজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা দুটি কাঠের ইঞ্জিনচালিত জেলে নৌকা মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের হেফাজতে রাখা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:ওমর ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযানে মুক্তারপুর নৌপুলিশ ও কোস্ট গার্ডের গজারিয়া সাব স্টেশনের সদস্যরা সহযোগিতা করেন।
মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।