
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জ পৌর এলাকায় হামলা ও ভাঙচুর চালিয়ে পালানোর সময় দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে মুন্সীগঞ্জ থানাধীন পৌরসভার পিটিআই স্কুলের মূল গেটের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উত্তর ইসলামপুর এলাকার বাসিন্দা মো:স্বপন মিয়া (৫০) পৌর এলাকার হাঁটলক্ষীগঞ্জের ব্যাটারির দোকান ব্যবসায়ী আক্তার (৫৬) এবং একই এলাকার ইট-বালুর দোকান ব্যবসায়ী তাজুল ইসলাম বাদশাহ (৫০)-এর দোকানে হামলা ও ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর পালানোর চেষ্টা করলে সদর পুলিশ ফাঁড়ির এএসআই সাহায্যের নেতৃত্বে টহলরত পুলিশের একটি দল তাকে ধাওয়া করে আটক করে।এ সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তার কাছ থেকে একটি দেশীয় চাপাতি,একটি সুইচ গিয়ার চাকু,একটি বাটাল ও একটি কাচি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত স্বপন মিয়া মৃত নুরুল ইসলাম মিয়ার ছেলে।তার বিরুদ্ধে এর আগে পাঁচটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।