
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল,কার্যকর ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে মাদক,জুয়া,কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোকদারপাড়া ঈদগাহ মাঠে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে এ আলোচনা সভার সূচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা শহীদ মোস্তফা জামান সমুদ্র এর মা-বাবা কে ফুল দিয়ে বরন করেন মুন্সীগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য শেখ মো:আব্দুল্লাহ।
পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মো:আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন,সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আলাউদ্দিন,মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু দুলাল দাস,উপজেলা বিএনপি ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর ইসলাম হাফিজ,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার,রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য,বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক,মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক,ইমাম,সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি শেখ মো:আব্দুল্লাহ বলেন,“সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির কোনো বিকল্প নেই। অপরাধ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।”
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো: মেনহাজুল আলম, পিপিএম বলেন,“কমিউনিটি পুলিশিং শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি জনগণ ও পুলিশের যৌথ উদ্যোগ। মাদক, কিশোর গ্যাং,সন্ত্রাস,চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।