
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের মালির পাথর এলাকায় গভীর রাতে নিজ সুতার কারখানা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন ইমরান হোসেন মন্ডল (৪৮)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী।
ইমরান হোসেন মন্ডল জানান,প্রায় এক মাস আগে তার সুতার কারখানায় চুরির ঘটনা ঘটে।ওই সময় কারখানার জানালার লোহার রড কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।এ ঘটনার পর থেকে কারখানার নিরাপত্তার স্বার্থে প্রতিরাতে তিনি নিজেই কারখানাটি পরিদর্শন করতেন।
তিনি অভিযোগ করেন,ঘটনার তিন দিন আগে রাতে কারখানা পরিদর্শনে গিয়ে কয়েকজনকে আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন।পরে তাদের জিজ্ঞাসাবাদ করে আকাশ,মামুন ও আলামিনসহ কয়েকজনের নাম জানতে পারেন। এ সময় কারখানায় যেন আর কোনো চুরির ঘটনা না ঘটে,সে বিষয়ে তাদের সতর্ক করেন তিনি।
ভুক্তভোগীর দাবি,ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত ২টার দিকে কারখানা পরিদর্শনে গেলে আবারও কয়েকজনের মুখোমুখি হন তিনি।এ সময় তারা তার চোখে টর্চলাইটের আলো ফেলে পরিচয় জানতে চায়।নিজের পরিচয় দেওয়ার পরপরই তারা তার ওপর অতর্কিত হামলা চালায়।একপর্যায়ে তাকে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
ইমরান হোসেন মন্ডল জানান,এ ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।