
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালি,অভিবাসন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে় কালেক্টরেট প্রাঙ্গণ এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।র্যালি শেষে আয়োজিত অভিবাসন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।পরে তিনি আগত অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
স্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।সভায় এ বছরের প্রতিপাদ্য ছিল “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ নাহিদা পারভীন,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস,মুন্সীগঞ্জ-এর সহকারী পরিচালক মো:রফিকুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রবাস প্রত্যাগত প্রবাসী,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে প্রবাসীদের কল্যাণে প্রবাসী ওয়েজ আর্নার্স বোর্ডের ঋণের চেক বিতরণ করা হয়।