
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
দুস্থ,দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে মুন্সীগঞ্জে এ্যাডভোকেট এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(২৩ ডিসেম্বর)সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর গ্রামে প্রয়াত এ্যাডভোকেট এ.বি.এম ফিরোজের নিজ বাসভবন প্রাঙ্গণে শিশু,নারী ও পুরুষসহ প্রায় ৭শ’ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার আফরোজা ফিরোজ মিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আলাল উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার কাজী সামীউল হক,সমাজসেবা অফিসার পারভেজ ভূঁইয়া এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল।
এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মো:মাসুদ রানা,দৈনিক সবুজ নিশান পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট আবু সাঈদ সোহান,সংগঠনের মহাসচিব আবু তাহের সীমান্ত, সমাজসেবক আয়নার হক স্বপন,সংগঠক হেলাল উদ্দিন, রহমতুল্লাহ জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সমাজকর্মী ও স্বেচ্ছাসেবীরা।
আয়োজকরা জানান,সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন শীতের কষ্ট থেকে কিছুটা হলেও রক্ষা পায়,সে লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়।কর্মসূচির আওতায় শিশু,নারী ও পুরুষদের মাঝে কম্বল,চাদর ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আফরোজা ফিরোজ মিতা বলেন,ফাউন্ডেশনের পক্ষ থেকে মোট ৭শ’ শীতার্ত মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়েছে।এর মধ্যে ৪শ’ নারী-পুরুষকে চাদর, ১শ’ শিশুকে শীতের পোশাক এবং ২শ’ কম্বল বিতরণ করা হয়।তিনি আরও বলেন,প্রয়াত এ্যাডভোকেট এ.বি.এম ফিরোজ আজীবন মানবসেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন।তার আদর্শ ও অনুপ্রেরণায় এ ফাউন্ডেশন মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।