
স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় এক ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বুধবার (১৭ জুন) গভীর রাতে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল মুন্সী (৩৯) ওই গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে সোহেল মুন্সী নিজ বসতঘরে একাই ঘুমিয়ে ছিলেন। সম্প্রতি সন্তান জন্ম দেওয়ায় তার স্ত্রী নুপুর বেগম পাশের ঘরে মায়ের সঙ্গে অবস্থান করছিলেন।রাত আনুমানিক ২টার দিকে বাড়ির উঠানে শব্দ পেয়ে সোহেলের মা সেফালি বেগম ও স্ত্রী বাইরে এসে দেখতে পান, উঠানে তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন জ্বলছে। এ সময় সোহেলের রক্তাক্ত মরদেহ উঠানে পড়ে থাকতে দেখা যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ঘর থেকে ডেকে বা জোরপূর্বক বের করে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর-সিরাজদিখান সার্কেল) মো: আনিছুর রহমান বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা তাকে ঘর থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে। হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Like this:
Like Loading...
Related