
আক্তার হোসেন,সিলেট:-
সিসিটিভি ফুটেজে শনাক্তের পর অভিযানে নামে পুলিশ; কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি
সিলেট মহানগরীতে একটি চাঞ্চল্যকর মাদরাসা ছাত্র অপহরণ চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নবাবরোড এলাকায় একটি প্রাইভেটকার থেকে ওই ছাত্রকে অপহরণের চেষ্টার অভিযোগ ওঠে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই প্রযুক্তির সহায়তায় মূল সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লামাবাজার ফাঁড়ি পুলিশ এ অভিযান চালায়।
আটককৃত ব্যক্তির নাম হিসাম আহমদ (২০), সে মহানগরীর লালাদিঘীর এলাকার আলিম মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, ঘটনার পরপরই লামাবাজার ফাঁড়ির ইনচার্জ মো. আলী খানের নেতৃত্বে একটি চৌকস দল তদন্ত শুরু করে। প্রাথমিক পর্যায়ে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনা করে আসামীদের গতিবিধি ও পরিচয় শনাক্ত করা হয়।প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, মধ্যরাতে নগরীর কোতোয়ালী মডেল থানাধীন লালাদিঘীর পারের মাহমুদ ভিলা (বাসা নং-৯)-এ অভিযান চালানো হয় এবং হিসাম আহমদকে আটক করা হয়।
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “অপহরণ চেষ্টার মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।”