
স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের ইলিয়াছ মোল্লা হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন কোলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রওশন আরা মেম্বার (৫৫) এবং তার ছেলে বিপ্লব (৩৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কোলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মো: ইলিয়াছ মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে।হামলায় তিনি গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০ জুন রাতে নিহতের পরিবারের পক্ষ থেকে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
পুলিশ জানায়, ২১ জুন তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার অন্যতম এজাহারভুক্ত আসামী রওশন আরা মেম্বারকে গ্রেপ্তার করা হয়।এরপর তার গ্রেপ্তারের প্রায় ১২ ঘণ্টার মধ্যে মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামী বিপ্লবকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে,হত্যা মামলায় একাধিক আসামি রয়েছে।এর মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হলেও অন্যান্য আসামীরা এখনও পলাতক রয়েছে।তাদের গ্রেপ্তারে সিরাজদিখান থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।