
স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া বাজার থেকে শ্রীনগর আসার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।সড়কটির খানাখন্দে ভরা জরাজীর্ণ অবস্থার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন কুকুটিয়া ও লৌহজং উপজেলার হাজার হাজার মানুষ।
সরেজমিনে দেখা যায়,সড়কটির পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে, ষযা পথচারী ও যানবাহন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী,কৃষক,চাকুরিজীবী এবং অসুস্থ রোগীদের যাতায়াতে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ।রিকশা,ভ্যান ও মোটরসাইকেলসহ ছোট যানবাহনগুলো প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাচ্ছে, যার ফলে গুরুতর আহত হওয়ার ঘটনাও ঘটছে।
স্থানীয় ভুক্তভোগীরা জানান,এই রাস্তাটি শ্রীনগর ও লৌহজং উপজেলার হাজার হাজার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম।কিন্তু দীর্ঘ সময় ধরে কোনো কার্যকর সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন স্থানীয়দের কাছে ‘মরণফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমের শুরুতে রাস্তাটির অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয়রা জানান, ঝুঁকি এড়াতে অনেক সময় তারা নিজেরাই ইটের সুরকি বা মাটি ফেলে গর্ত ভরাট করার চেষ্টা করেন,কিন্তু তাতে স্থায়ী কোনো সমাধান মিলছে না।
জনসাধারণের দাবি,শ্রীনগর ও লৌহজং উপজেলার ৫০ হাজার মানুষের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে এবং সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়াতে অবিলম্বে রাস্তাটি সংস্কার করা হোক।স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।