
মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটার মালিকপক্ষকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাত চৌধুরী।
অভিযানে অবৈধভাবে পরিচালিত মেসার্স সাদিক ব্রিকস ও মেসার্স সীমানা ব্রিকসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। এসব মামলায় প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্ব পালন করে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।