
স্টাফ রিপোর্টারঃ
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ,যৌতুকের জন্য নির্যাতন,পারিবারিক সহিংসতা ও যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে।এসব অপরাধ প্রতিরোধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ, অপরাধীদের দ্রুত বিচার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য অনুযায়ী, ২০০১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ২১ হাজার ৬২৭ জন নারী ও শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে পারিবারিক,যৌতুক ও ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
মানববন্ধনে নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ,ধর্ষণ ও যৌন হয়রানির অপরাধীদের দ্রুত বিচার,ভুক্তভোগীদের সুরক্ষা, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন-২০১০ কার্যকর করা এবং ধর্ষকদের তথ্যভান্ডার প্রকাশের দাবি জানানো হয়।একই সঙ্গে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা ও নারীর মানবাধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ও সাংবাদিক মঞ্জুর মোর্শেদ,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি গোলজার হোসেন,দৈনিক দ্য সানের জেলা প্রতিনিধি মাছুম,দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল,এসসিপির আলিম,এনটিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন সুমন,সময় টিভির জেলা প্রতিনিধি জুয়েল রানা,মাই টিভির জেলা প্রতিনিধি শেখ মোহাম্মদ রতন,দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আব্দুস সালাম,দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি জসিম,নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি হুমায়ূন,প্রথম আলো বন্ধুসভার সদস্য সিহাবসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী,শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী ও শিশুর জন্য নিরাপদ সমাজ গড়ে তুলতে সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।