
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিকশার গ্যারেজে ডাকাতির সময় হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করা হয় ব্যবসায়ী অহিদুল ইসলাম ও তার স্ত্রীকে। পরে ডাকাতদের নির্যাতন ও বাধা অবস্থায় অসুস্থ হয়ে মারা যান অহিদুল।এ সময় গ্যারেজ থেকে দুটি অটোরিকশা ও ৬১টি ব্যাটারি লুট করে নিয়ে যায় ডাকাত দল।রবিবার (২২ নভেম্বর) গভীর রাতে উপজেলার পাটাভোগ হরিবাড়ী এলাকার ওয়াহিদুর রহমানের মালিকানাধীন একটি অটোরিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।নিহত অহিদুল ইসলামের (৫০) বাড়ি কুমিল্লার দাউদকান্দি থানার তুলাতুলি গ্রামে। তিনি ওহাব আলী প্রধানের ছেলে। গত তিন মাস ধরে পাটাভোগ হরিবাড়ী এলাকায় গ্যারেজটি ভাড়া নিয়ে পরিচালনা করছিলেন। স্ত্রীকে নিয়ে সেখানেই বসবাস করতেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টা থেকে ৩টার মধ্যে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল গ্যারেজের পেছনের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় অহিদুল ও তার স্ত্রী উসনা আক্তার ঘুমিয়েছিলেন। ডাকাতরা তাদের হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে। পরে একটি পিকআপ ভ্যান গ্যারেজের ভেতরে ঢুকিয়ে ১৮টি অটোরিকশার ৬১টি ব্যাটারি এবং দুটি অটোরিকশা তুলে নেয়।
মালামাল লুটের একপর্যায়ে অহিদুল নিস্তেজ হয়ে পড়েন। তার কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকাতরা তার হাতের বাঁধন খুলে দেয়।এরপর মালামাল নিয়ে পালিয়ে যায় তারা।নিহতের স্ত্রী উসনা আক্তার জানান,ডাকাতরা চলে যাওয়ার পর তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন।তারা অহিদুলকে মৃত অবস্থায় দেখতে পান।খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান,রাত ২টা থেকে ৩টার মধ্যে সংঘবদ্ধ ডাকাত দল পেছন দিক দিয়ে গ্যারেজে ঢোকে।এ সময় অহিদুল ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। ডাকাতরা তাদের হাত-পা বেঁধে অটোরিকশার ব্যাটারিসহ মালামাল নিয়ে যায়। পরে অহিদুলের বাঁধন খুলে দেওয়া হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।তিনি আরও জানান,এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত চালাচ্ছে।
Like this:
Like Loading...
Related