
মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী সওদা খাতুন। সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলার সামনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে সওদা খাতুন অভিযোগ করেন, ২০২২ সালের ৪ এপ্রিল পারিবারিকভাবে মাহবুব হাসান মামুনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি যৌতুকের দাবিতে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন।
তিনি জানান, গত ২ আগস্ট স্বামী দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন তিনি।
সওদা খাতুন আরও অভিযোগ করেন, গত ১৫ নভেম্বর স্বামীর ফোন পেয়ে সংসার করার আশায় তাঁর বাড়িতে যান। সেখানে যৌতুক ছাড়া সংসার করতে চাইলে স্বামী রাজি হননি। একপর্যায়ে স্বামী লাঠি দিয়ে তাঁকে মারধর করেন এবং শাশুড়ি চুলের মুঠি ধরে দেয়ালে ধাক্কা দেন। এ সময় তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাতের চেষ্টা করা হয়। আত্মরক্ষায় বাম হাত দিয়ে আঘাত প্রতিহত করতে গিয়ে তিনি আহত হন।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে তিনি নওগাঁ সদর মডেল থানায় স্বামী মাহবুব হাসান মামুন ও শাশুড়ি মাহমুদা বেগমের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত স্বামী ও শাশুড়ির বক্তব্য পাওয়া যায়নি।