
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক মাদক মামলায় আসামী অপু ডিক্রশ (২৯) কে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অপর আসামী মোহাম্মদ জুয়েল (২৮) কে তিন বছরের সশ্রম কারাদণ্ড সহ উভয়ের ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
রবিবার (২০জুলাই) দুপুর একটার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।রায় প্রচারের সময় আসামীরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দিয়েছেন বিচারক।বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোঃ বুলবুল আহমেদ।
দ্ন্ডপ্রাপ্ত আসামী অপু ডিক্রশ সিরাজদিখান উপজেলার মজিদপুর গ্রামের তরুণ ডিক্রশের ছেলে।অপর আসামী জুয়েল একই উপজেলার বড় শিকারপুর গ্রামের শামসুল শেখের ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৯ ডিসেম্বর সিরাজদিখান থানার পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালীন সময়ে দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার সৈয়দপুর বাজারের এমদাদের গ্রেজের পাশে রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে তাদের আটক করে পুলিশ।
এ সময় আসামী অপু ডিক্রশের কাছ থেকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও আসামী জুয়েলের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিরাজদিখান থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ঘটনার দিন সিরাজদিখান থানায় মামলা করে আসামীদের আদালতে প্রেরণ করেন।নয় বছর বিচারাধীনে থাকা মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামীদের দোষী সাব্যস্ত করে আদালত এ রায় ঘোষণা করেন।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন জানান,মাদক আইনের একটি ধারায় আসামী অপুকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অপর আসামী জুয়েলকে দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ড সহ উভয় আসামীকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।আদালতের রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট পোষণ করছি।