
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিয়ম-নীতি উপেক্ষা করে অবৈধভাবে ফসলি জমি ভরাটের দায়ে ‘মাতৃভূমি সিটি’ নামক একটি আবাসন প্রকল্পকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার(৩০) দুপুর আড়াইটায় উপজেলার রশুনিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী। স্থানীয় সূত্রে জানা যায়, মাতৃভূমি সিটি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকদের কৃষি জমি ও জলাশয় কোনো প্রকার অনুমতি ছাড়াই ড্রাম ট্রাকের মাধ্যমে বালু দিয়ে ভরাট করে আসছিল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের কৃষিজমিগুলো চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছিল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন এই অভিযান চালায়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কৃষি জমি সুরক্ষা ও বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অনুমতি ব্যতীত ফসলি জমি ভরাট করা দণ্ডনীয় অপরাধ। মাতৃভূমি সিটি কর্তৃপক্ষ আইন অমান্য করে জমি ভরাট করার অপরাধ স্বীকার করায় তাদের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, “ফসলি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধ উপায়ে কৃষিজমি বা জলাশয় ভরাট করতে দেওয়া হবে না।”
অভিযান চলাকালে থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী।