
স্টাফ রিপোর্টারঃ
গভীর রাতে ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন দুজন। কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হলো না। মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সমষপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মুহূর্তেই থেমে গেল দুটি তরতাজা প্রাণ।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৩টা ৪ মিনিটে শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে সমষপুর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩) থেকে ছিটকে পড়েন দুই আরোহী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
নিহতরা হলেন: রাফি (২০),২. জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯),
উভয় ১২৫/১, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা এলাকার বাসিন্দা।
খবর পেয়েই শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ১৯ আর ২০ বছরের দুটি জীবন এভাবে ঝরে যাওয়ায় স্বজনদের আহাজারি থামছে না।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আবারও সতর্ক করা হয়েছে নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালান, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করবেন না, ট্রাফিক আইন মানুন। একটু অসতর্কতাই কেড়ে নিতে পারে একটি জীবন।