
মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। কৃষি প্রযুক্তির আধুনিকায়ন, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং খাদ্যনিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মনজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এ ছাড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুনুর রহমান রিপনসহ প্রশাসন, কৃষি বিভাগ, পুলিশ বিভাগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
মেলায় মোট আটটি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষিপ্রযুক্তি, পুষ্টিগুণসমৃদ্ধ ফল ও সবজি এবং কৃষি উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে।
মেলার বিশেষ আকর্ষণ হিসেবে দর্শনার্থীদের মধ্যে বিনা মূল্যে পরিবেশবান্ধব গাছ ও সবজির চারা বিতরণ করা হচ্ছে। পাশাপাশি তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী গাছের চারা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মনজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, এ মেলার মাধ্যমে মানুষ বিভিন্ন দেশি ফলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি এসব ফলের চাষাবাদ সম্পর্কেও জানতে পারবেন। একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন ১২৫ গ্রাম ফল খাওয়ার প্রয়োজন হলেও দেশে গড়ে মাত্র ৩০ থেকে ৩৫ গ্রাম ফল খাওয়ার প্রবণতা রয়েছে। পুষ্টির চাহিদা পূরণে দেশি ফলের গাছ রোপণের পাশাপাশি নিয়মিত ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মেলায় আসা দর্শনার্থীরা বলেন, কৃষি প্রযুক্তি ও পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। তবে শুধু জেলা শহরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে সীমাবদ্ধ না রেখে উপজেলা পর্যায়েও নিয়মিত এমন মেলার আয়োজন করা প্রয়োজন। এতে প্রত্যন্ত এলাকার কৃষক ও কৃষি উদ্যোক্তারা আধুনিক কৃষিপ্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
আয়োজকদের আশা, এ মেলার মাধ্যমে কৃষক ও সাধারণ মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা বাড়ার পাশাপাশি পরিবেশবান্ধব আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহারেও আগ্রহ তৈরি হবে।